এবার ঘরে বসেই নববর্ষ উদযাপন করবে সিডনিবাসী

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১৬:১৮

প্রতি বছর নববর্ষ উদযাপনের জন্য সিডনির অপেরা হাউজে প্রতি বছর প্রচুর মানুষ ভিড় করে। নতুন বছর কে বরণ করে নিতে আতশবাজির জন্য কাউন্টডাউন করেন তারা। তবে করোনা মহামারীর কারণে এবার সেখানে নিষিদ্ধ করা হয়েছে বড় জমায়েত।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের প্রিমিয়ার গ্ল্যাদিস বেরেজিকলিয়ান এক বিবৃতিতে বলেন, নববর্ষের উৎসবে অধিক সংক্রমণের ঝুঁকি আছে এমন কোনো অনুষ্ঠান আমরা করতে চাই না, যা পরে পুরো অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়বে। তিনি আরো বলেন, বাসা থেকে আতশবাজি দেখাটাই সবচেয়ে নিরাপদ হবে।

শুধু অনুমতিপ্রাপ্ত অধিবাসীরাই নববর্ষের উৎসবে শহরের কেন্দ্রে অবস্থিত অতিথিসেবার স্থানগুলোয় যেতে পারবেন। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পুরো সিডনিতে বাসাবাড়িতে সর্বোচ্চ ১০ জন নিয়ে উৎসব আয়োজন করা যাবে।

আরো পড়ুন: নেপালের রাজনীতিতে কলকাঠি নাড়াতে চীনের 'দৌড়ঝাঁপ'

নববর্ষ উদযাপনে ২০১৯ সালের থার্টি ফার্স্ট নাইটে ব্যয় হয়েছিল ৬৫ লাখ ডলার। শুধু আতশবাজির জন্য বাজেট ছিল ১০ লাখ ডলার। বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটি মানুষ সিডনির এই আতশবাজি উৎসব দেখেছিল। সারা রাত রেস্তোরাঁ ও বারগুলো খোলা থাকায় ওইদিন রেকর্ড পরিমাণ খাদ্য ও পানীয় বিক্রি হয়।

ডিসেম্বরের মাঝামাঝি সিডনির নর্দার্ন বিচসংলগ্ন শহরতলিতে করোনা সংক্রমণ বৃদ্ধি পায়। নতুন করে আরো পাঁচজন আক্রান্ত হওয়ায় সেখানে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১২৫-এ। প্রায় আড়াই লাখ জনসংখ্যার এই অঞ্চলে এখন কঠোর লকডাউন চলছে, যা ৯ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে। নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের প্রিমিয়ার গ্ল্যাদিস বেরেজিকলিয়ান নববর্ষের রাতে সিডনির কেন্দ্রস্থলে অধিকাংশ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছেন। এছাড়া বাসার বাইরের গণজমায়েত ৫০ জনের মধ্যে সীমিত রাখার নির্দেশ দিয়েছেন।

ইত্তেফাক/এএইচপি