‘ডাহা মিথ্যাবাদী’ মিয়ানমার সেনাবাহিনী 

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৫

অভ্যুত্থানের আশঙ্কা উড়িয়ে দিয়ে সংবিধান মেনে চলা ও আইন অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল মিয়ানমার সেনাবাহিনী। গত শনিবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে তারা এ প্রতিশ্রুতি দেয়। এর দুইদিন পরেই দেশটিতে ফের সামরিক অভ্যুত্থানের ঘটনা ঘটলো।  

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও মিয়ানমারে অবস্থিত পশ্চিমা দেশগুলোর দূতাবাস দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটিতে সেনা হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ জানানোর এক দিন পর দেশটির সেনাবাহিনী এমন বিবৃতি দেয়। 

সেদিনের  বিবৃতিতে মিয়ানমারে সেনাবাহিনী বলেছে, সংবিধানের বিলুপ্তি নিয়ে তাদের কমান্ডার ইন চিফের সাম্প্রতিক বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। বাহিনীটি আইন অনুযায়ীই কাজ করবে। কিছু সংস্থা ও গণমাধ্যম তারা যা চায়, তাই ধরে নিয়েছে এবং লিখে চলেছে। 

এমন বিবৃতি দেওয়ার দুইদিন পরেই সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে সেনাবাহিনীর অভিযানে মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট ও অং সান সু চিকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারের পর দেশটির মিলিটারি টিভি নিশ্চিত করে যে, দেশটিতে এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়েছে। একই সঙ্গে সামরিক বাহিনী জানায়, তারা ক্ষমতা কমান্ডার-ইন-চিফ মিন অং লাইংয়ের কাছে হস্তান্তর করেছে। সিএনএন 

ইত্তেফাক/এসআর