ভারতে করোনা আক্রান্তের নতুন রেকর্ড

আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৬:২৯

ভারতে নতুন করে রেকর্ড পরিমাণ লোক করোনায় আক্রান্ত হয়েছে। গত ছয় দিন ধরে প্রতিদিন ২০ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হচ্ছে। নতুন করে আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৪৯২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৪ লাখেরও বেশি।

মঙ্গলবার (১৬ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় করোনায় নতুন করে মারা গেছে ১৩১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৮৫৬ জন। সংক্রামনের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৪ লাখ ৯ হাজার ৮৩১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১০ লক্ষ ২৭ হাজার ৫৪৩ জন।

ভারতে গত ২০ ডিসেম্বর ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত লোকের সংখ্যা ছিল ২৬ হাজার ৬২৪ জন। এর পর থেকে সংক্রমণ কমে আসলেও সম্প্রতি তা আবার বাড়তে শুরু করেছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত জার্মানি, ইতালি, ফ্রান্স-সহ একাধিক দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগ উঠেছে এই টিকা নেওয়ার পর জমাট বাঁধছে রক্ত। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ জানানো হয়েছে, এই টিকা নিরাপদ। 

ইত্তেফাক/এএইচপি