ক্ষমতাচ্যুত আইন-প্রণেতাদের নিয়ে গঠিত মিয়ানমারের বেসামরিক ছায়া সরকার। সেই সরকার ব্যবস্থায় যোগ দেওয়া এক নেতা রোহিঙ্গাদের ওপর সেনা নির্যাতনের বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এ প্রতিশ্রুতি দেন তিনি।
সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, ড. সাসা তার পোস্টে লিখেছেন, ‘মিয়ানমারের নাগরিকদের ওপর নৃশংসতা, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনকারী এই জেনারেলদের বিচার না করার আগ পর্যন্ত আমরা থামব না।’
ড. সাসার বিরুদ্ধে ইতোমধ্যে সামরিক জান্তা দেশদ্রোহের অভিযোগ এনেছে। বেসামরিক ছায়া সরকারের এই মুখপাত্র পলাতক রয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।
তিনি জানান, রোহিঙ্গাদের ওপরও নির্যাতন চালিয়েছে সেনারা। এর জন্যও তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে।
২০১৭ সালে সংখ্যালঘু রোহিঙ্গাদের দেশ থেকে বিতাড়িত করতে রাখাইনে অভিযানে নামে সেনাবাহিনী। প্রাণে বাঁচতে প্রায় সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। রোহিঙ্গাদের ওপর নিপীড়নকে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, গণহত্যার উদ্দেশে এই অভিযান চালিয়েছিল সেনারা।
ইত্তেফাক/এএইচপি
