ফলাফলের আগেরদিন জরুরি বৈঠক ডেকেছেন মমতা

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১২:২২

ভারতের পশ্চিমবঙ্গে চলমান বিধানসভা নির্বাচনে আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অষ্টম ও শেষ ধাপের ভোটগ্রহণ চলছে। আগামী রবিবার ফলাফল প্রকাশ করা হবে। সেদিনই জানা যাবে রাজ্যের ক্ষমতায় কে আসবে। তবে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস ও বিজেপি উভয় দলই নিজেদের জয়ের ব্যাপারে শুরু থেকেই ব্যাপক আশাবাদী।

এদিকে, ফলাফল প্রকাশের আগেরদিন আগামী শনিবার এক জরুরি বৈঠক ডেকেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ডাকা এই ভার্চুয়ালি বৈঠকে দলের সকল প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে সবার কাছে আমন্ত্রণ পৌঁছে গিয়েছে বলে তৃণমূল সূত্রে জানা গেছে।

আনন্দবাজার জানিয়েছে, ২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের আগেরদিন এভাবে বৈঠক ডাকতে দেখা যায়নি মমতা বন্দোপাধ্যায়। এবারই প্রথম এ উদ্যোগ নিলেন। তবে ঠিক কি কারণে জরুরি বৈঠক ডাকা হয়েছে তা জানা না গেলেও ধারণা করা হচ্ছে, সার্বিক পরিস্থিতি নিয়েই আলোচনা করা হবে।

আজ বিধানসভা নির্বাচনের অষ্টম তথা শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা থেকে চার জেলার ৩৫টি আসনে এই ভোটগ্রহণ শুরু হয়। প্রতিটি বুথে স্যানিটাইজার ব্যবহার থেকে সবার জন্য মাস্ক ও গ্লাভস বাধ্যতামূলক থেকেছে আগের দফাগুলোতেও। কিন্তু এ দফায় বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে ভোটের লাইনে শারীরিক দূরত্ব বজায়ের ক্ষেত্রে।

বুথে বুথে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তারক্ষী। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, করোনা সংক্রমণ রোধে নেওয়া হয়েছে সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা।

এর আগে সাত দফা ভোটগ্রহণ করা হয়। মহামারির কারণে অষ্টম ও শেষ দফায় নির্বাচন কমিশনের দেয়া নিষেধাজ্ঞার কারণে সব দলের প্রচারণা বন্ধ ছিলো। তবে সেটি হয়েছে ভার্চুয়ালি প্রচারণা।

ইত্তেফাক/টিএ