পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সুবিধা বঞ্চিত অস্বচ্ছল পরিবারের মাঝে বেসরকারি সংগঠন দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে ইদ উপহার বিতরণ করা হয়েছে। জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র পক্ষে রবিবার (৯ মে) এ ইদ উপহার সামগ্রী প্রদান করা হয়।
সকালে উপজেলার সয়না-রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মানুষের মাঝে কাপড় বিতরণ করেন উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম নসু ও ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ।
উপজেলার পূর্ব আমড়াজুড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমড়াজুড়ি ইউনিয়নের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কাপড় বিতরণ করেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ শামসুদ্দোহা চাঁদ, জেপি নেতা ফিরোজ আলম প্রমুখ।
কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে সদর ইউনিয়নের অস্বচ্ছল মানুষের মাঝে কাপড় বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সহ সভাপতি সুনীল কুন্ড, জেপি’র উপজেলা সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মাহফুজ পায়েল, যুব সংহতির উপজেলা সভাপতি জিয়াউল আহসান জুয়েল, সাধারণ সম্পাদক নূরুজ্জামান মনু প্রমুখ।
বিকালে উপজেলার চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ইউনিয়নের নির্ধারিত মানুষের মাঝে কাপড় বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন।
কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের সুবিধা বঞ্চিত গরীব মানুষের মাঝে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কাপড় বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার। রবিবার কাউখালী উপজেলায় এসব ত্রাণ কাজ সমন্বয় করেন আতিক জামান খোকন ও কাজী আতাহার আলী।
সরকারি ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ

গতকাল রবিবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র ঐচ্ছিক তহবিলের নগদ অর্থের চেক উপকারভোগীদের মধ্যে বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম সাইদুল ইসলাম এ চেক বিতরণ করেন। এছাড়াও তারা সরকারের ধর্ম মন্ত্রণালয়ে হতে প্রাপ্ত কাউখালী উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত নগদ অর্থের চেক, এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ঢেউটিন ও নগদ অর্থের চেক উপকারভোগীদের মধ্যে বিতরণ করেন।
ইত্তেফাক/এনএ
