হোটেল রুয়ান্ডার বীরের ২৫ বছরের কারাদণ্ড

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৭

 

১৯৯৪ সালের গণহত্যার ওপর নির্মিত ‘হোটেল রুয়ান্ডা’ ছবি থেকে নায়ক হিসেবে পরিচয় পাওয়া পল রুসেসাবাগিনাকে দোষী সাব্যস্ত করেছে রুয়ান্ডার আদালত। একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

১৯৯৪ সালে রুয়ান্ডায় গণহত্যা থেকে সহস্রাধিক মানুষের প্রাণ বাঁচিয়ে বিশ্বে অস্কার-মনোনীত ‘হোটেল রুয়ান্ডা’ ছবির হিরো হিসেবে পরিচিতি পান পল রুসেসাবাগিনা। সোমবার সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করেছেন তিনি। এ সময় তিনি জানান, আদালত থেকে সুবিচারের আশাও করেননি তিনি।

২০২০ সালের আগস্ট মাসে ৬৭ বছর বয়সী পল রুসেসাবাগিনাকে গ্রেফতার করা হয়। এ সময় তিনি দাবি করেন, তাকে দুবাই থেকে অপহরণ করেছে রুয়ান্ডা কর্তৃপক্ষ। তখন থেকেই আলোচনার শীর্ষে উঠে এসেছে মামলাটি। পলের বিরুদ্ধে অভিযোগ, একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন করছিলেন তিনি। ২০১৮-২০১৯ সালে দেশটিতে বন্দুক, গ্রেনেড হামলা এবং অগ্নিসংযোগের একাধিক ঘটনায় ৯ জনের মৃত্যুর জন্য এই বিদ্রোহী গোষ্ঠীটিকে দায়ী করা হয়।

রুসেসাবাগিনা সম্পর্কে বিচারক বিট্রিস মুকামুরেঞ্জি বলেন, তিনি রুয়ান্ডা আক্রমণকারী একটি সন্ত্রাসী সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন এবং তাদের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে আর্থিকভাবে অবদান রেখেছিলেন। 

১৯৯৪ সালে রুয়ান্ডায় গণহত্যা চলার সময় রাজধানী কিগালির একটি হোটেলের ব্যবস্থাপক ছিলেন রুসেসাবাগিনা। গণহত্যায় আট লাখের বেশি তুতসি এবং হুতু নিহত হয়েছিল৷ রুসেসাবাগিনা সে সময় ১২শ’র মতো মানুষকে হোটেলে আশ্রয় দিয়ে তাদের জীবন বাঁচিয়েছিলেন৷

 

 

 

 

 

ইত্তেফাক/ইউবি