জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতের বিশাখাপত্তমের উদ্দেশে যাত্রা শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’। বৃহস্পতিবার জাহাজটি চট্টগ্রাম নৌজেটি ত্যাগ করে।
নৌজেটি ত্যাগের প্রাক্কালে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদলের বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানানো হয়। এ সময় কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যের মধ্যে পদস্থ কর্মকর্তা ও নাবিকগণ উপস্থিত ছিলেন।
ভারতে অবস্থানকালে জাহাজের উদ্যোগে আগামী ৪ থেকে ৬ অক্টোবর ভারতের বিশাখাপত্তম নেভাল অডিটোরিয়ামে বিশেষ প্রামাণ্যচিত্র ও স্থিরচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হবে। প্রদর্শনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও অবদান এবং মহান মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতিম দেশ ভারতের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরা হবে।
এছাড়া বিশাখাপত্তম বন্দরে অবস্থানকালে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার, দেশটির নৌসমর বিশেষজ্ঞগণ, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় বীর যোদ্ধা এবং দেশটির নৌবাহিনীর পদস্থ কর্মকর্তা ও নাবিকগণ জাহাজটি পরিদর্শন করবেন। জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন আল ফারুক মাহমুদ হোসেনের নেতৃত্বে ৩২ জন কর্মকর্তা, ৪০ জন মিডশিপম্যানসহ সর্বমোট ২২৮ জন নৌসদস্য শুভেচ্ছা সফরে অংশগ্রহণ করছেন। সফর শেষে জাহাজটি ১০ অক্টোবর দেশে ফিরবে।
ইত্তেফাক/জেডএইচডি
