ইয়র্কশায়ার দলের প্রাক্তণ ক্রিকেটার আজিম রফিকের তোলা বর্ণবৈষম্যের অভিযোগকে গুরুত্ব দিয়ে বড় সিদ্ধান্ত নিল ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড। ইসিবির বিবৃতি অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারবে না ইয়র্কশায়ার। বন্ধ করে দেওয়া হবে আর্থিন অনুদানও।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব জানায় তাদের ক্লাবে খেলার সময়কালে বর্ণবিদ্বেষী আচরণের শিকার হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আজিম রফিক। কয়েকদিন আগে আজিমের প্রতি বর্ণবিদ্বেষী কটূক্তি করবার কথা স্বীকার করেছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্যারি ব্যালেন্স। তার স্বীকারোক্তির পরেই বিপাকে পড়ে ইয়র্কশায়ার। আজিম রফিকের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ইসিবির কাছে একটি রিপোর্ট পেশ করে কাউন্টি ক্লাবটি। একেবারেই যথাযথ নয় বলে সেই রিপোর্ট খারিজ করেছে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটীয় স্পিরিট ও মূল্যবোধের বিপরীত আচরনকে তীব্র সমালোচনা করে ইয়র্কশায়ারের কাছ থেকে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষমতা কেড়ে নিয়েছে ইসিবি। তাদের বিবৃতিতে স্পষ্ট আজিম রফিকের অভিযোগ অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে কাউন্টি ক্লাবটিকে।
পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আজিম রফিকের অভিযোগ সামনে আসতেই বিপাকে পড়ে ইয়র্কশায়ার। রফিক জানান ২০১৮ সালে ক্লাবের কাছে বর্ণবিদ্বেষের অভিযোগ জানালেও তাতে আমল দেওয়া হয়নি। রফিক আরো বলেন তার কঠিন সময়ে পাশে দাঁড়ায়নি ইয়র্কশায়ার ক্লাব। রফিকের অভিযোগকে সমর্থন জানিয়েছেন আরেক প্রাক্তন পাক ক্রিকেটার রানা নাভেদ উল হাসান।
বর্ণবৈষম্যের ঘটনা সামনে আসায় ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের পাশ থেকে সরে দাঁড়াচ্ছেন পৃষ্ঠপোষকরাও। এই বছরের মার্চ মাসে ইয়র্কশায়ার পুরুষ ও মহিলা দলের অফিশিয়াল কিট পৃষ্ঠপোষক হিসাবে চুক্তিবদ্ধ হয় বিখ্যাত বহুজাতিক সংস্থা নাইকি। গ্যারি ব্যালেন্সের স্বীকারোক্তি প্রকাশ্যে আসতেই ইয়র্কশায়ারের সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা জানিয়েছে তারা। নাইকির বিবৃতিতে বর্ণবিদ্বেষ ও যে কোনও প্রকারের বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। নাইকির আগে এমেরাল্ড গ্রুপ, অ্যাঙ্কর বাটার ও ইয়র্কশায়ার টি’র মতো সংস্থাগুলিও একই সিদ্ধান্ত নিয়েছিল।
