শেষ হলো ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৮:২০

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে শেষ হলো জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড অনুষ্ঠান। দেশ গঠনে নিজেদের উদ্যোগের স্বীকৃতি হিসেবে ১৫ সংগঠনের হাতে উঠেছে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২১’। 

এবারের আসরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।

এবারের আয়োজনে বেশ কঠোরভাবে মানা হয় স্বাস্থ্যবিধি। মাত্র ১৬০ জনের উপস্থিতিতে এবারের অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অংশগ্রহণকারী ও অতিথিদের অনুষ্ঠানের মূল ভেন্যুতে প্রবেশের ২ ঘণ্টা পূর্ব থেকে র‍্যাপিড পিসিআর টেস্ট ও তাপমাত্রা পরীক্ষা করা হয়।

মাত্র ১৬০ জনের উপস্থিতিতে অনুষ্ঠান আয়োজন করা হলেও করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত স্থানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ প্রসঙ্গে আয়োজক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরাআই) জানায়, প্রতিবার আমরা শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রের অডিটোরিয়ামে অনেক মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠান আয়োজন করি। কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে অডিটোরিয়ামের সামনে খোলা মাঠে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।

শুধু তাই নয়, র‍্যাপিড পিসিআর টেস্ট শেষে অতিথিদের হাত জীবাণুমুক্ত করে প্রত্যেককে প্রদান করা হয় একটি করে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। প্রত্যেককে মাস্ক পরে অনুষ্ঠানের মূল পর্বে অংশ নিতে হয়। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি আসন আড়াই ফুট দূরত্বে বসানো হয়েছে।

দেশ গঠনে এগিয়ে আসা তরুণদের উদ্যোগকে স্বাগত জানিয়ে ২০১৪ সাল থেকে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা এই কার্যক্রম পরিচালনা করে। 

এবারের আসরে পূর্বে ধারণকৃত বক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে পূর্বে ধারণকৃত ভিডিও বার্তা প্রদান করেন জাতির পিতার দৌহিত্র ও সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ।