বিদ্রোহী প্রার্থীদের হাতের কবজি, পায়ের নলি ভেঙে দেওয়ার নির্দেশ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০৭:১৫

সাভারে একটি নির্বাচনি সভায় অংশ নিয়ে ইউপি নির্বাচনে অংশ নেওয়া বিদ্রোহী প্রার্থীদের হাতে কবজি ও পায়ের নলি ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা। 

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এমন বক্তব্য দেন। একজন প্রার্থীর নির্বাচনি সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতির এমন বক্তব্যে সাভার জুড়ে তোলপাড় শুরু হয়েছে।

তিনি বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেন, ‘তাদের বসাইয়া দিবেন। এই যে পায়ের হাড্ডি আছে না, হাড্ডি ভেঙে দিবেন। হাতের কবজি ভেঙে দিবেন। পায়ের যদি নলি ভেঙে দেন, আর হাঁটতে পারবে না। সুতরাং আপনারা সাবধান হয়ে যান। আপনাদের পিছনে সরকার এমনিতে লেগে আছে। 

তিনি আরোও বলেন, আমাদের সরকারি সংস্হাগুলো আপনাদের হাঁটতেও দেবে না, আপনাদেরকে ভোট চাইতেও দেবে না। ভোট দিতেও দেবে না। কষ্ট করে কিচ্ছু হবে না।’ 

হাসিনা দৌলা আরো বলেন, ‘আমি আপনাদের খোঁজখবর নিয়েছি। আপনাদের রিপোর্ট ভালো না। সুতারাং যদি সময় থাকে আজ রাতের মধ্যেই বসে আমাদের টেলিফোনের মাধ্যমে অথবা চিঠির মাধ্যমে জানিয়ে দিন। আমরা আপনাদের বহিষ্কার করব না। 

এ বিষয়ে জানতে চাইলে হাসিনা দৌলা বলেন, মূলত বক্তব্যটির মধ্য দিয়ে বিদ্রোহী প্রার্থীদের কাছে দলের কঠোর অবস্থানের বিষয়টি পরিষ্কার করেছি। বিরোধী দলে থাকা অবস্থায় নির্যাতনের শিকার হয়েও রাজপথে আমরা সংগ্রাম করে দলকে টিকিয়ে রেখেছি। এখন যদি বিদ্রোহীদের কারণে দলের মনোনীত প্রার্থীকে জয়ী করতে না পারি সেটি হবে খুবই দুঃখজনক। কঠোর বার্তা দিতে আমি এমনটি বলেছি। 

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, এমন বক্তব্যে নিজ দলীয় প্রার্থীর ভোটের অঙ্কেই বেশি নেতিবাচক প্রভাব পড়বে। আয়োজিত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব, বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংঠনের নেতাকর্মীরা।

ইত্তেফাক/ ইআ