প্রিন্স মাহমুদের সুরে দ্বিতীয় ট্র্যাক প্রকাশের অপেক্ষায় রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজির তুহিন। নিজের ব্যান্ডদল আভাস নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এ সপ্তাহে নারায়নগঞ্জে একটি সফল কনসার্ট শেষ করলেন তুহিন। এছাড়া মাসজুড়েই ছিল তার কনসার্ট নিয়ে ব্যস্ততা।
এ প্রসঙ্গে তানজির তুহিন বলেন, ‘এই সময়টা তো কনসার্টের। এছাড়া দীর্ঘদিন করোনা সংকটের পর আবারো মিউজিক নিয়ে সরব হতে শুরু করেছেন সকল মিউজিশিয়ান। তাই সময়টা যেকোনো মিউজিশিয়ানের জন্যই উপভোগ্য। আমরাও সেই আনন্দটা আহরণের চেষ্টা করছি।’
এদিকে আভাস সারাদেশ থেকে লিরিক হান্ট করছিল গত কয়েক মাস ধরে। তার ফলাফল হিসেবে ৯টি লিরিক চূড়ান্ত করেছে। এবারের থার্টিফার্স্ট কনসার্ট করছে তারা রেডিসন ব্লু’তে। আভাস ও তানজির তুহিন যেন একসূত্রে গাঁথা।
তুহিন বলেন, ‘আভাস নিয়ে আমাদের এখন দারুণ সময় কাটছে। দর্শকদের ভালোবাসা আর কৌতুহলের দাম দিতে চাই আমি সবসময়। সেভাবেই এগুচ্ছি আমরা। থার্টিফার্স্টের রাতে সকলেই একটি ফেস্টিভ মুডে থাকতে ভালোবাসে। নতুন বছরকে বরণ করার এই আনন্দটুকুও আমরা দর্শকদের সঙ্গে উপভোগ করবো। তাই এ দিনের আনন্দটাও আমার কাছে বিশেষ।’
ইত্তেফাক/বিএএফ

রোজ লাল গোলাপ দেওয়া একটা অদৃশ্য যত্ন: মাহি