মহাসড়কে ধস, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৫:৩৯

ঢাকার নবাবগঞ্জে-ঢাকা বান্দুরা আঞ্চলিক মহাসড়কের বক্সনগর এলাকার ইছামতি নদীর পাড় ঘেঁষে সড়কের একটি অংশ ধসে পড়েছে। এতে যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। 

সরেজমিনে দেখা যায়, নবাবগঞ্জের বক্সনগর পুরনো বাসস্ট্যান্ডের ঋষিপাড়া সংলগ্ন ইছামতি নদীর পাড় ঘেঁষে সড়কের অংশটি ধসে পড়েছে। যেকোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে রাস্তার অধিকাংশ জায়গা।

উপজেলার বক্সনগর  ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য বেলায়েত হোসেন স্বাধীন বলেন, নবাবগঞ্জের ব্যস্ততম জনবহুল এই সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। ধসে যাওয়া অংশটি দ্রুত মেরামত করা উচিত। না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। 

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এইচএম সালাউদ্দীন মনজু বলেন, সড়কটির ধসে যাওয়া স্থান মেরামতের জন্য সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মুন্সীগঞ্জ সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী  নাইম রেজা বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান ২ বছর আগে কাজ বুঝিয়ে দিয়েছে। নদী থেকে বালু উত্তোলনের কারণে সড়কের কিছু অংশে সমস্যা হতে পারে। সমস্যা সমাধানে কর্তৃপক্ষ দ্রুত কাজ শুরু করেছে। 

 

 

ইত্তেফাক/ইউবি