রজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এবং দুই কর্মচারীর ওপর হামলার ঘটনায় বহিষ্কৃত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম. এন্তাজুল হক বাদী হয়ে শনিবার সন্ধ্যায় নগরীর মতিহার থানায় এজাহার দাখিল করেন।
পরে এজাহারটি চাঁদাবাজির নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে প্রক্রিয়া চলছে বলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান।
ওসি আরো জানান, মামলার এজাহারে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কৃত ও রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি প্রাপ্ত এসএম তৌহিদ আল হোসেন তুহিন, সহ-সভাপতি তন্ময় আনন্দ অভি ও কর্মী মামুন-অর-রশিদের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরো পাঁচজনকে আসামি করা হয়েছে।
এজহারে বলা হয়, তুহিন, অভি ও মামুনসহ অজ্ঞাত আরো পাঁচজন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকোশলী সিরাজুম মুনীরের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দফতরে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর ওপর হামলা ও মারপিট করা হয়। এরআগে প্রধান প্রকৌশলীর দপ্তরের পিয়ন রাইসুল ইসলাম সুমন এবং পরে প্রশাসন ভবনের প্রহরী আবুল কাশেমকেও তারা পিটিয়ে আহত করে।
