সিগারেটের দাম প্রায় দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে ধূমপায়ীর সংখ্যা কমিয়ে আনতে তারা এই প্রস্তাব করেছে। তথ্যমতে, দক্ষিণ কোরিয়ায় ২০১৪ সালে সর্বশেষ সিগারেটের দাম ৫০০ ওউন বাড়ানো হলে ধূমপায়ীর সংখ্যা ১৫ শতাংশ কমে যায়। তবে দেশটির সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, সংসদে বিলটি উত্থাপিত হলে তা শক্ত বিরোধিতার মুখে পড়তে পারে। ইতিমধ্যেই ধূমপায়ীদের বিভিন্ন সংগঠন এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে।
বর্তমানে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ায় ধূমপায়ী পুরুষের হার সবচেয়ে বেশি। সেখানকার প্রায় ৪১ শতাংশ পুরুষই ধূমপায়ী। ২০১২ সালের ‘অরগানাইজেশন অব ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের’ (ওইসিডি) রিপোর্টে বলা হয়েছে, বিশ্বে পুরুষ ধূমপায়ীর গড় হার ২৬ শতাংশ। নারী-পুরুষ মিলিয়েও দক্ষিণ কোরিয়ায় ধূমপায়ীর হার ২৩ শতাংশ। যেখানে, ওইসিডির হিসাবে এর গড় পরিমাণ হলো ২১ শতাংশ। প্রস্তাবের পক্ষে সরকার আশা করছে, এতে দেশটিতে ধূমপায়ী পুরুষের সংখ্যা কমবে। সরকার মনে করছে, এই মূল্যবৃদ্ধিতে কর হিসাবে রাষ্ট্রীয় কোষাগারে বাড়তি ২.৮ ট্রিলিয়ন ওউন যুক্ত হবে।
