দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী হরতাল প্রত্যাহারের আহবান জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহবান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে নতুন বিনিয়োগ আকর্ষণের জন্য বাংলাদেশ বিনিয়োগ বোর্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ফোরাম-২০১৪ আয়োজন করেছে। এ ফোরামে বিভিন্ন দেশের অনেক আগ্রহী বিনিয়োগকারীরা অংশগ্রহন করেছেন। যারা এখন দেশে অবস্থান করছেন। এ অবস্থায় হরতাল হলে বিদেশী বিনিয়োগকারীদের কাছে তা নেতিবাচক ভাবমূর্তি তুলে ধরবে। এটা কোনোভাবেই কাম্য নয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। দেশের অনুকূল বিনিয়োগ পরিস্থিতি বিবেচনা করে চীন, জাপানসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন। এ অবস্থায় হরতালসহ যে কোন নেতিবাচক কার্যক্রম দেশের বিনিয়োগকারীদেরকে নিরুত্সাহিত করবে। তাছাড়া হরতালের মত ধ্বংসাত্মক কর্মসূচি দেশের অর্থনীতিকে বিপর্যয় এবং অনিশ্চয়তার মুখে ফেলে দিবে। এ নিয়ে দেশের ব্যবসায়ী সমাজ গভীর উদ্বিগ্ন। হরতালের নামে দেশে অরাজকতা সৃষ্টি ও সাধারন নীরিহ মানুষের জানমালের ক্ষতি দেশের ব্যবসায়ী সমাজ কোনভাবেই সমর্থন করতে পারে না।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদ্ণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার ও আগামী রবিবার সারা দেশে২৪ ঘণ্টা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
