সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে শাহজিবাজার পাওয়ার কোম্পানিসহ একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ ছাড়া সভায় ইফাদ অটোস লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে। আজ বৃহস্পতিবার বিএসইসির কার্যালয়ে অনুষ্ঠিত ৫২৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসি জানিয়েছে, সাবসিডিয়ারি কোম্পানি পেট্রোমেক্স রিফাইনারি লিমিটেডের বাণিজ্যিক কার্যক্রম শুরুর তথ্য তালিকাভুক্তির পর প্রকাশ করেনি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালার লঙ্ঘন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি এনফোর্সমেন্ট বিভাগে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া কোম্পানিটির শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার বিষয়টি কমিশন সভায় পর্যলোচনা করা হয়। পর্যালোচনা শেষে এক পরিচালককে শাহজিবাজার পাওয়ারের শেয়ার কিনতে মার্জিন ঋণ সুবিধা দিয়ে বিএসইসির নির্দেশনা লঙ্ঘন করেছে শার্প সিকিউরিটিজ লিমিটেড। এ ছাড়া গ্যলাক্সি ক্যাপিটাল লিমিটেড ও মোনা ফাইন্যান্সিয়াল কনসালন্টেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড তাদের গ্রাহকদের শাহজিবাজার পাওয়ারের শেয়ার কেনার ক্ষেত্রে সম স্ক্রিপ্ট নিটিং সুবিধা দিয়ে বিএসইসির নির্দেশনা লঙ্ঘন করেছে। এ ছাড়া পিএফআই সিকিউরিটিজের গ্রাহকের হিসাবে কোম্পানিটির ১০ হাজার শেয়ার কম দেখিয়েছে। এ জন্য এ সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে বিএসইসি।
এ দিকে সভায় ইফাদ অটোস লিমিটেডকে আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমতি দিয়েছে বিএসইসি। কোম্পানিটি ২ কোটি ১২ লাখ ৫০ হাজার শেয়ার ছেড়ে ৬৩ কোটি ৭৫ লাখ টাকা সংগ্রহ করবে। ফেসভ্যালু ১০ টাকার সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ (অধিমূল্য) কোম্পানির প্রতি শেয়ারের নির্দেশক মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। সংগৃহীত অর্থে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে।
