বেসরকারি খাতে ১২ কোটি ৫০ লাখ ডলারের (প্রায় পৌঁনে এক হাজার কোটি টাকা) বিদেশি ঋণ অনুমোদন করেছে এ সংক্রান্ত বাছাই কমিটি। সাতটি প্রকল্পের অনুকূলে এ ঋণ অনুমোদন করা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
রবিবার কমিটির ৮৯তম সভায় বেসরকারি খাতের সাতটি প্রকল্পের জন্য এ ঋণ অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিনিয়োগ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এই ঋণের সুদের হার ত্রৈমাসিক ভিত্তিতে লন্ডন ইন্টার ব্যাংক সুদহার (লাইবর) ৪ দশমিক ৫০ শতাংশ। ডাচ-বাংলা পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস ও ওরিয়ন পাওয়ার মেঘনাঘাট কোম্পানিকে চার কোটি ৪০ লাখ ডলার করে, তারাসীমা অ্যাপারেলকে এক কোটি ৫৪ লাখ ডলার, মা-মীম ডেনিমকে দেড় কোটি ডলার ঋণ নেয়ার অনুমোদন দেয়া। এ ছাড়া রাইজিং ইন্ড্রাস্ট্রিজ ৪৪ লাখ ডলার, নিট কনসার্ন ১৬ লাখ ডলার এবং প্লামি ফ্যাশনের অনুকূলে পাঁচ লাখ ৬৭ হাজার ডলার অনুমোদন দেয়া হয়েছে। এ সব প্রতিষ্ঠানের মূলধনী যন্ত্রপাতিসহ অন্যান্য যন্ত্রপাতি আমদানিতে ব্যয় করতে এ ঋণ অনুমোদন করা হয়েছে।
