জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধারা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। তাদের হাত থেকে প্রাণে বাঁচতে দলে দলে পালাচ্ছে সাধারণ মানুষ। জাতিসংঘের হিসাবে, গত শুক্রবার থেকে গতকাল রোববার পর্যন্ত ৭০ হাজার সিরীয় উদ্বাস্তু সীমানা পেরিয়ে প্রতিবেশী তুরস্কে প্রবেশ করেছে। তাদের বেশির ভাগই জাতিগত কুর্দি সম্প্রদায়ের সদস্য।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল বিবিসিকে জানায়, আইএস জঙ্গিরা পাঁচ দিনে তুরস্কের সীমান্তবর্তী সিরীয় শহর কোবানের আশপাশের অন্তত ৬৩টি গ্রাম দখল করে নিয়েছে। গতকাল তারা শহরটি থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে ছিল। কোবানে সিরিয়ার সংঘাতপূর্ণ আলেপ্পো প্রদেশের মধ্যে পড়েছে। এটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ।
সংঘাত থেকে প্রাণে বাঁচতে ওই এলাকার হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে। প্রতিবেশী তুরস্কের উপপ্রধানমন্ত্রী নুমান কুরতুলমাস গত শনিবার বলেন, পালিয়ে আসা সিরীয়দের জন্য গত শুক্রবার তাঁরা সীমান্ত খুলে দেন। এরপর ৬০ হাজারের বেশি সিরীয় উদ্বাস্তু তুরস্কে প্রবেশ করেছে।
(এএফপি, রয়টার্স ও বিবিসি)
