ব্যাংক শেয়ারের দাম বৃদ্ধি, লেনদেনে এগিয়ে ওষুধ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৪, ১৯:০৭
 
শেয়ারবাজারে সব ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। আগের দিন রবিবারও বাজারে সব ব্যাংকের শেয়ারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সব সময়ই বছরের শেষ দিকে এসে ব্যাংকের শেয়ারে কিছুটা ইতিবাচক প্রবণতা আসে। এ ধারাবাহিকতাতেই ব্যাংকের শেয়ার দর বাড়ছে।
ব্যাংকের শেয়ার ঘিরে সোমবার লেনদেন হয়ছে ৮৮ কোটি টাকা। যা ডিএসই’র মোট লেনদেনের সাড়ে ৯ ভাগ।
এদিকে সব ব্যাংকের শেয়ার দর বাড়লেও সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওষুধ খাত ঘিরে। এ খাতে লেনদেন হয়েছে ১৫০ কোটি টাকা। যা বাজারের মোট লেনদেনের প্রায় সাড়ে ১৬ ভাগ।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, তিন কার্যদিবস ধরে দেশে হরতাল থাকলেও এ সময়ে প্রতিদিনই সূচক ছিল ঊর্ধ্বমুখী প্রবণতায়। লেনদেনও হয়েছে ভালো।
এদিকে চতুর্থদিনের মতো ডিএসইতে লেনদেন হয়েছে নয়শ’ কোটি টাকার উপরে। প্রথম দিনের লেনদেনে আরএসআরএম এর শেয়ার দর বেড়েছে ৯৩ ভাগ। লেনদেনেরও শীর্ষে এ কোম্পানি। এরপরই লেনদেনে এগিয়ে ছিল গ্রামীণ ফোন। লেনদেন হওয়া ৩০৩ টি কোম্পানির মধ্যে ৫৪টি কোম্পানির শেয়ার দর বেড়েছে ৩ শতাংশের বেশি। আর ২৬টির দর কমেছে ৩ শতাংশের বেশি। দর বৃদ্ধিতে সবচেয়ে বেশি এগিয়ে ছিল ব্যাংকিং খাত। এ খাতের কোম্পানিগুলোর শেয়ার দর বেড়েছে ২ দশমিক ২ ভাগ।
তথ্যে দেখা গেছে, সোমবার ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯৯২ কোটি ৩০ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১০ কোটি ৯৪ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০৩টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৫৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৭৭ কোটি ১১ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৩৭টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৩৭টির কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের।
ডিএসই জানিয়েছে, সামপ্রতিক সময়ে শেয়ার দর বাড়ার কারণ নেই বলে জানিয়েছে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড। দর বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠানোর প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এর আগে সিএসইকেও একই তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত পাঁচ কার্যদিবসে সামিট এলায়েন্স পোটের শেয়ার দর একটানা বেড়েছে। এ ছাড়া গত এক মাসে এ  শেয়ারের দর বেড়েছে ৫৭.৫ শতাংশ।