আয়কর মেলায় করদাতাদের উপস্থিতি ও সেবা গ্রহণকারীর সংখ্যা প্রতি বছরই বাড়ছে। এবারও তা নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এবার কর মেলা থেকে সেবা গ্রহণ করেছেন ৬ লাখ ৪৯ হাজার ১৮৫ জন। তাদের মধ্যে ১ লাখ ৪৯ হাজার ৩০৯ টি রিটার্ন দাখিলের বিপরীতে আয়কর আদায় হয়েছে ১ হাজার ৬৭৫ কোটি টাকা টাকা। এর আগে সর্বশেষ গত ২০১৩ সালের আয়কর মেলায় ৫ লাখ ১০ হাজার করদাতা সেবা নিয়েছিলেন। এর মধ্যে ১ লাখ ৩২ হাজার ১৭টি রিটার্ন দাখিলের বিপরীতে কর আদায় হয়েছিল ১ হাজার ১১৭ কোটি টাকা। এদিকে সপ্তাহব্যাপী আয়কর মেলা সোমবার শেষ হয়েছে। মেলার সময়সীমা বাড়ানোর দাবি থাকলেও শেষ পর্যন্ত তা আর বাড়ছে না।
মেলা শেষে এনবিআর সূত্র জানিয়েছে, এবারের মেলায় নতুন করদাতা হিসেবে ই-টিআইএন নেয়ার মাধ্যমে নিবন্ধিত হয়েছেন ১৫ হাজার ৯০৭ জন-যা গত বছরের আয়কর মেলার তুলনায় ২৩ শতাংশ বেশি । অন্যদিকে ই-টিআইএন পুন:নিবন্ধন করেছেন ১০ হাজার ৮৩৮ জন।
