১০ কার্যদিবসে ডিএসইতে সূচক বেড়েছে ৩০০ পয়েন্ট

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৪, ১৯:১৩
 
 
 
শেয়ারবাজারে গত সাত কার্যদিবস ধরে টানা সূচক বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০ দিনে সূচক বেড়েছে ৩০০ পয়েন্টেরও বেশি। ডিএসইএক্স ৪ হাজার ৬৭৫ পয়েন্ট থেকে উঠে এসেছে ৪ হাজার ৯৭৯ পয়েন্টে।
এ দিকে টানা তিন কার্যদিবস ব্যাংকের শেয়ার দর বাড়ার পর বুধবার কিছুটা দর সংশোধন হয়েছে। সব ব্যাংকের শেয়ার দর আগের দিনের তুলনায় কমেছে। মুনাফা তোলার চাপে এ খাতের বশির ভাগ শেয়ারের দরপতন হয়েছে। বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক, বিমা ও আর্থিক খাতের  শেয়ারগুলোই বিশেষ করে দর হারানোর শীর্ষে উঠে এসেছে। ব্যাংক খাতের ৯০ শতাংশ  কোম্পানির শেয়ার দর কমেছে। এ খাতের তালিকাভুক্ত ৩০টি কোম্পানির মধ্যে ২৮টি ব্যাংকের দর কমেছে। আর দর বেড়েছে ২টি এবং অপরিবির্তিত রয়েছে ১টির।
তথ্যে দেখা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৩২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯৩২ কোটি ৮৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৮৩ কোটি ৬৫ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০২টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৭০ কোটি ৫৯ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৫ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৩৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৭৩টির কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের।
ডিএসই জানিয়েছে, বিডি ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে। শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ডিএসইকে এ জবাব দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিগত পাঁচ কার্যদিবস ধরে বাড়ছে বিডি ফাইন্যান্সের শেয়ার দর। এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ৩৪ দশমিক ১৪ শতাংশ। আর গত চার কার্যদিবস একটানা বেড়েছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ২২ দশমিক ৭২ শতাংশ। মঙ্গলবার শেয়ারটির দর সামান্য কমেছে।