রাজশাহীতে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এবং বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিএনপি-জামায়াতের ৮৯ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন খন্দকার জানান, রবিবার বিকালে রাজশাহীর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশীট দাখিল করা হয়েছে।
এদিকে চার্জশীট দাখিলের সত্যতা স্বীকার করে কোর্ট জিআরও রায়হান আলী জানান, আসামিদের বিরুদ্ধে চার্জশীট জমা হয়েছে। তবে সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত তা বিচারকের সামনে উপস্থাপিত হয়নি।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৬ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন জোটের মিছিল থেকে পুলিশের কাভার্ড ভ্যানে ককটেল হামলায় কনস্টেবল সিদ্ধার্থ সরকার নিহত হন। এ ছাড়া ওই ঘটনায় আরো ৯ পুলিশ কনস্টেবল আহত হন। এ ঘটনায় বোয়ালিয়া থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বিএনপি-জামায়াতের ৮৯ নেতা-কর্মীর বিরুদ্ধে দুইটি মামলা করেন। এরপর গত ২৪ ফেব্রুয়ারি আসামিরা রাজশাহীর সিএমএম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে মিজানুর রহমান মিনু ও মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিএনপি-জামায়াতের ৩৬ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ৪ মার্চ হাইকোর্টের জামিনে তারা মুক্তি পান।
