সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার স্ত্রী-মেয়েসহ ৪ জন নিহত

আপডেট : ০৮ অক্টোবর ২০১৪, ১৭:৪৩
 
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলেট-ঢাকা মহসড়কের রশিদপুর নামক স্থানে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বাবা, মা, মেয়েসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, অগ্রণী ব্যাংকের ঢাকা প্রিন্সিপাল অফিসের ডিজিএম নূরুল আফসার (৪৮), তার স্ত্রী উম্মে কুলসুমা, কন্যা মুনতাহিনা ইসলাম (১৪) ও মাইক্রোবাস চালক পলাশ (৩৭) এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। দুর্ঘটনায় ঘটনায় ব্যাংক কর্মকর্তার কন্যা ফাতেমা বেগম (১০) ওসমানী হাসপাতালে চিকিত্সাধীন  আছেন বলে জানা গেছে। দক্ষিন সুরমা থানার ওসি মুরসালিন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার সকাল  ১১টার দিকে সুরমা এক্সপ্রেসের (ঢাকা মেট্রো ব-১৪৫৬২৯) সঙ্গে একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ-১৪১৯৭৭) সংঘর্ষ ঘটলে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।
ব্যাংক সূত্র জানায়, ঈদের আনন্দ উপভোগ করতে এম নূরুল আফসার পরিবারের সদস্যদের নিয়ে সিলেটে বেড়াতে আসছিলেন। বুধবার ভোরে একটি মাইক্রোবাস ভাড়া করে তিনি সিলেটের দিকে রওয়ানা হন। ৮ ও ৯ অক্টোবার তারিখের জন্য নগরীর হোটেল সুপ্রীমেও রুম ভাড়া করা হয়েছিল। কিন্তু, হোটেলে পৌঁছার আগেই এই পরিবারের সকল আনন্দ শেষ হয়ে যায়।