নাটোরের বড়াইগ্রামে রবিবার পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ পাঁচজন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছেন।
মাঝগাঁও ইউপি চেয়ারম্যান খোকন মোল্লা জানান, রবিবার বিকাল ৪টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাতুরিয়ায় লক্ষীকোল থেকে বনপাড়াগামী একটি ব্যাটারী চালিত অটোরিক্সাকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাক (ঢাকা মেট্রো ট ১৪-৭৭৩১) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার চালক বড়াইগ্রাম চৌরাস্তার মোড়ের মছের উদ্দিনের ছেলে লোকমান হোসেন (৫০), অটোরিক্সার যাত্রী একই গ্রামের মৃত মোহন ফকিরের ছেলে শুকুর আলী (৬০), মকবুল হোসেনের স্ত্রী মমতা বেগম (৩৫) এবং পারকোল গ্রামের রাজেনের ছেলে পুলক (৩০) ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত মর্জিনা খাতুন (২৫) কে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং তার স্বামী সিরাজ (৩০) ও তাপস (৪০) কে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, দুপুর একটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের আহম্মেদপুর এলাকায় পাবনা থেকে নাটোরগামী যাত্রীবাহী বাস চৌধুরী হাই চয়েস আহম্মেদপুর বাসস্ট্যান্ডে অপর একটি অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই জেলার গুরুদাসপুরের ধারাবারিষা গ্রামের আকবর হোসেনের মেয়ে নাজমা খাতুন (৮) মারা যায়। এ ঘটনায় আহতদের মধ্যে অটোরিক্সার চালক উজ্জল ও রসুলসহ নিহত শিশুটির মা শরিফা খাতুন (৩৫) কে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর জেলা প্রশাসক মোশাররফ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মোসা. শরিফুন্নেসা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
