ভারতে বন্ধ্যাত্বকরণের পর ৮ নারীর মৃত্যু

আপডেট : ১১ নভেম্বর ২০১৪, ১৪:৫৭
ভারতের ছত্রিশগড়ে বন্ধ্যাত্বকরণ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন আটজন নারী। এছাড়া গুরুতর অসুস্থ হয়েছে ৫২ জন। বিলাসপুরের তাখতপুরের সরকারি হেলথক্যাম্পে এই ঘটনা ঘটে। খবর: জি-নিউজের।
প্রতিবেদন অনুযায়ী, ঐ হেলথ ক্যাম্পে শনিবার জানকী বাঈ (৩০) বন্ধ্যাত্বকরণ অপারেশন করান। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। ২৪ ঘণ্টার মধ্যে তার স্বাস্থ্যের দ্রুত অবনতি হওয়ার পর তাকে বিলাসপুরে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সোমবার তিনি মারা যান।  
সোমবার বিকেলের মধ্যে একই অপারেশনের পর মারা যান আরো সাত নারী। প্রত্যেকের ক্ষেত্রেই অপারেশনের পরেই বমি বমি ভাব ও পেটে অসহ্য যন্ত্রণা দেখা দেয়। বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এই মুহূর্তে চিকিৎসাধীন ৫২ জন মহিলা। তাদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক।
একজন সিনিয়র অফিসার জানিয়েছেন, অসুস্থদের মধ্যে ৩৮ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাত জনের অবস্থা এতটাই আশঙ্কাজনক হয়ে ওঠে যে তাঁদের বিলাসপুরে অ্যাপোলো ও সিআইএমএসে  রেফার্ড করা হয়েছে।
ছত্তিসগড় রাজ্য স্বাস্থ্য দফতর এই হেলথ ক্যাম্পটির আয়োজন করেছিল। ঐ দফতরের তরফ থেকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কোনোরকম অবহেলার ঘটনা যদি তদন্তে ধরা পড়লে তার বিরুদ্ধে দৃঢ় পদপে নেওয়া হবে বলে জানানো হয়েছে।
মৃত নারীদের পরিবারকে দুই লাখ টাকা ও অসুস্থদের জন্য ৫০ হাজার টাকা সরকারি অনুদানের কথা ঘোষণা করা হয়েছে।