আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৪৫

আপডেট : ২৩ নভেম্বর ২০১৪, ২২:১৪
 
 
আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি ভলিবল ম্যাচে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। হামলায় ৪৫ জন নিহত হয়েছেন বলে বিবিসির খবরে প্রকাশ করা হয়েছে। হামলার দায় এখনো কেউ স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে তালেবানরা এই হামলা চালিয়ে থাকতে পারে। পাকটিকা প্রদেশের গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী খেলার জন্য জড়ো হওয়া মানুষের মাঝে গিয়ে বিস্ফোরণটি ঘটায়। ইয়াহইয়াখাইল জেলায় শক্তিশালী ঐ বিস্ফোরণে নিহত ৪৫ জন ছাড়াও আরো প্রায় ৬০ জন আহত হয়েছেন।
আফগান প্রেসিডেন্টের সাথে ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার সংক্রান্ত চুক্তি হওয়ার পরই এই হামলার ঘটনাটি ঘটল। এই চুক্তি অনুযায়ী সৈন্য প্রত্যাহারের পরও ১২ হাজার ন্যাটো সৈন্য আফগানিস্তানে অবস্থান করবে। আফগান পুলিশ ও সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয়ার জন্যই তারা অবস্থান করবে বলে ন্যাটোর পক্ষ থেকে জানানো হয়েছে।