‘মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা ব্যর্থ হলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স’

আপডেট : ২৯ নভেম্বর ২০১৪, ১৬:৪৩
 
 
 
 
মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা ব্যর্থ হলে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়া স্থানীয় সময় শুক্রবার পার্লামেন্টে দেয়া এক ঘোষণায় বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তি  প্রতিষ্ঠার আন্তর্জাতিক উদ্যোগ ব্যর্থ হলে কালবিলম্ব না করে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স। আমরা এতে প্রস্তুত রয়েছি।’ খবর আল-জাজিরা ও সিনহুয়ার।
ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য ফরাসি সরকারের প্রতি সে দেশের রাজনীতিবিদদের দাবির প্রেক্ষিতে পার্লামেন্টে এ ঘোষণা দিলেন ফাবিয়াস। শুক্রবার ফরাসি পার্লামেন্টে বিষয়টি নিয়ে ক্ষমতাসীন সোসালিস্টদের মধ্যে একটি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সে ফিলিস্তিনি মিশনের প্রধান হায়েল আল-ফাহুমও এতে অংশ নিয়েছিলেন। আগামী ২ ডিসেম্বের ফরাসি পার্লামেন্টে এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব পাস হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৩ অক্টোবর ব্রিটিশ পার্লামেন্ট এবং ১৮ নভেম্বর স্পেনের পার্লামেন্ট একই ধরনের একটি প্রস্তাব অনুমোদন করেছিল। এ ছাড়া, গত ৩০ অক্টোবর ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে সুইডেন। শান্তি প্রক্রিয়ায় অচলাবস্থা না কাটায় ইউরোপের অন্যান্য দেশগুলোতেও হতাশা দেখা দিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে। এ দিকে, এই ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর ওই ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে দিয়ে বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে ফ্রান্স বড় ধরনের ভুল করবে।’