পাকিস্তানে বিমান হামলায় ১১ জঙ্গি নিহত

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৪, ১৬:৫১
 
আফগান সীমান্তবর্তী পাকিস্তানের গোলযোগপূর্ণ একটি অঞ্চলে পাকিস্তানি বিমান হামলায় ১১ জঙ্গি নিহত হয়েছে। বুধবার দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, খাইবার অঞ্চলের তিরাহ এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়। অঞ্চলটি তালেবান জঙ্গি ও নিষিদ্ধ ঘোষিত অন্য জঙ্গি গ্রুপ লস্কর-ই-ইসলামি জঙ্গিদের একটি ঘাঁটি।
পাকিস্তান ২০০৪ সালের পর থেকে তাদের আধা-স্বায়ত্বশাসিত এ উপজাতি অঞ্চলে বিভিন্ন জঙ্গি গ্রুপের সাথে যুদ্ধ করে আসছে। 
মার্কিন নেতৃত্বে আফগানিস্তানে অভিযান চালানোর পর সীমান্ত অঞ্চলে আশ্রয় নেয়া আল-কায়েদা যোদ্ধাদের অনুসন্ধানে পাকিস্তানের সামরিক বাহিনী ওই অঞ্চলে প্রবেশ করে।
সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় করাচি বিমানবন্দরে রক্তক্ষয়ী সহিংসতার পর গত জুন মাসে সামরিক বাহিনী উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিদের গোপন আস্তানায় অভিযান শুরু করে।
 উত্তর ওয়াজিরিস্তান হচ্ছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (পাকিস্তানি তালেবান) ও হাক্কানি নেটওয়ার্কের একটি শক্ত ঘাঁটি। সীমান্তবর্তী এ এলাকায় তেহরীক-ই-তালেবান পাকিস্তান (পাকিস্তানি তালেবান) ও হাক্কানি নেটওয়ার্কের প্রধান লক্ষ্য মার্কিন ও ন্যাটো বাহিনী।
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে জঙ্গি গ্রুপের বিরুদ্ধে অভিযান চালানোর আহবান জানিয়ে আসছে।
পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, তাদের অভিযানে এ পর্যন্ত এক হাজার ৬শ’র বেশী জঙ্গি নিহত হয়েছে। পক্ষান্তরে এসব অভিযানে তাদের ১শ ২৬ সৈন্য প্রাণ হারিয়েছে। এএফপি