কুমিল্লায় গুলিতে কৃষক নিহত: ২৪ জনের নামে মামলা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৪, ১৯:১৬
 
 
কুমিল্লার দাউদকান্দিতে চাঁদাবাজদের গুলিতে কৃষক ইসহাক মিয়া নিহতের ঘটনায় ২৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এদিকে লাশের ময়নাতদন্ত শেষে সোমবার বিকালে দাউদকান্দি উপজেলার কৃষ্ণপুরের পারিবারিক কবরস্থানে ইসহাক মিয়াকে দাফন করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তপন কুমার বকসী জানান, ইসহাক মিয়া নিহত হওয়ার ঘটনায় তার স্ত্রী রিজিয়া আক্তার বাদী হয়ে সোমবার ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৮ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় পার্শ্ববর্তী তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের আল-আমিনকে প্রধান আসামি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, আল-আমিন গোমতী নদীতে বালুর জাহাজে চাঁদা আদায়কারী মনির বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। মনির বাহিনীর প্রধান মনির বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে রয়েছে।
উল্লেখ্য, রবিবার বিকালে মনির বাহিনী কৃষ্ণপুর গ্রামের রতন মিয়ার বালুর জাহাজ থেকে চাঁদা নিতে গেলে দুই গ্রুপের সংঘর্ষ বেধে যায়। এ সময় নদীর পাড়ে খিরা ক্ষেতে কাজ করা অবস্থায় গুলিবিদ্ধ হন কৃষক ইসহাক মিয়া (৬০)। বালুর জাহাজের মালিক রতন মিয়াসহ ৬ জন গুলিবিদ্ধ হয়ে ঢাকায় চিকিত্সাধীন রয়েছেন। দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, আসামি ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার নজরুল ইসলামসহ উর্ধবতন কর্মকর্তাগণ পরিদর্শন করেছেন।