যে কারণে পাকিস্তানের স্কুলে তালেবান হামলা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৪, ০০:৫৪

পাকিস্তানে স্কুল ও মসজিদগুলোতে হামলা চালিয়ে এর আগে বার বার হত্যাযজ্ঞ চালাতে দেখা গেছে। বিশেষ করে নারীদের স্কুলে যেতে নিরুত্সাহিত করতে দেশটিতে অহরহই জঙ্গি হামলা ঘটে। হামলা হয়েছিলো স্কুলছাত্রী মালালা ইউসুফজাইয়ের ওপর, যিনি পরবর্তীতে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। কেন পাকিস্তানের স্কুলে এভাবে শিক্ষার্থীরা তালেবান আক্রমণের শিকার হচ্ছে?

এ প্রসঙ্গে বিবিসি বাংলাকে পাকিস্তানের পত্রিকা ডেইলি নিউজের বার্তা সম্পাদক মনির আহমেদ বলছিলেন, তালেবান অধ্যুষিত এলাকায় শিক্ষার আলো এবং ইসলাম ধর্ম সম্পর্কে কোন স্বচ্ছ ধারণা নেই। তার মতে, ইসলামের নাম ব্যবহার করে নানা ধরনের হামলা চালাচ্ছে তারা। কারণ তারা চায় না এসব এলাকার ছেলে-মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক। এতে করে তাদের প্রচলিত ধ্যান-ধারণার ওপর আঘাত আসতে পারে বলেই তালেবানরা পাকিস্তানের স্কুলে হামলা চালাচ্ছে বলে মনে করেন তিনি।

স্কুলে হামলার ঘটনার সাথে মালালা ইউসুফজাইয়ের নোবেল পুরস্কার নেয়ার কোন যোগসূত্র কি থাকতে পারে? এটি কি তালেবানদের এক ধরনের প্রতিশোধ? মনির আহমেদ বলছিলেন, তেমন কোন যোগসূত্র না পাওয়া গেলেও ধারণা করা যায়, পাকিস্তান সেনাবাহিনী তালেবানদের বিরুদ্ধে যে ধরনের অভিযানগুলো চালিয়ে যাচ্ছে, তার পাল্টা জবাব হিসাবেও তালেবানরা এই হামলা চালিয়ে থাকতে পারে।