পেশোয়ার হামলার হোতা নিহত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৪, ১৭:৫২
পেশোয়ারে স্কুলে হামলার মূল হোতা তালেবান কমান্ডার সাদ্দাম নিহত হয়েছেন। পাকিস্তানের দ্য ডন জানিয়েছে, বৃহস্পতিবার রাতে খাইবারের জমরুদ এলাকায় নিরাপত্তাবাহিনীর অভিযানে তিনি নিহত হন। খাইবার এজেন্সির রাজনৈতিক এজেন্ট শাহাব আলী সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নিহত সাদ্দাম ছিলেন তেহরিক-ই-তালেবানের তারিক গেন্ডার গ্রুপের একজন দুর্ধর্ষ কমান্ডার, তার পরিকল্পনা ও নির্দেশেই পেশোয়ারে স্কুল ছাত্রদের ওপর হামলা করা হয়েছিল। নৃশংস ঐ হামলায় স্কুলটির ১৩২ শিশুসহ ১৪২ জনকে হত্যা করে তেহরিক-ই-তালেবান।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়েছে, গত বছর খাইবার পাখতুনখাওয়া এলাকায় পোলিও টিকাদান কর্মী দলের ওপর হামলার মূল হোতা ছিলেন তালেবান কমান্ডার সাদ্দাম। ঐ হামলায় ১১ জন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছিলেন।
এছাড়াও, সাদ্দাম ও তার সহযোগীরা সম্প্রতি নিরাপত্তা বাহিনীর ওপর কয়েকটি বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন শাহাব আলী। সূত্র: দ্য ডন