এয়ার এশিয়া: সাগরে সন্দেহজনক বস্তুর সন্ধান

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৪, ১৪:৩৩
 
১৬২ জন আরোহী নিয়ে নিখোঁজ এয়ার এশিয়ার বিমানটি তল্লাশি করতে গিয়ে সাগরে কিছু সন্দেহজনক বস্তুর সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়া। তবে বস্তুগুলো নিখোঁজ বিমানের কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। সোমবার এপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 
জাকার্তার এয়ার ফোর্সের বেস কমান্ডার রিয়াল মার্শাল ডিউই পুত্রান্তো সোমবার জানিয়েছেন, অস্ট্রেলিয়ার একটি বিমান নাগকা দ্বীপের কাছে সন্দেহজনক কিছু বস্তুর সন্ধান পেয়েছে। ঐ বস্তুগুলোর অবস্থান পাঙকালান বানের ১০০ মাইল দক্ষিণপশ্চিমাঞ্চলে, কেন্দ্রীয় কালিমানতানের কাছে অথবা বিমানটি নিখোঁজ হওয়ার ৭০০ মাইল দূরে।
পুত্রান্তো বলেছেন, ‘আমরা এখনো নিশ্চিত নই যে, বস্তুগুলো নিখোঁজ বিমানের কিনা? আমার ঐ নির্দেশনা অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছি।’
এর আগে সকালে জাকার্তায় এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান বাংবাং সোলিস্টিও বলেছেন, ‘আমাদের হাতে থাকা কো-অর্ডিনেটস থেকে ধারণা করা হচ্ছে জাভা সাগরের ওপর বিমানটি বিধ্বস্ত হতে পারে। এরকম হলে সেটি সাগরের তলদেশে চলে যাওয়ার কথা।’
স্থানীয় সময় রবিবার ইন্দোনেশিয়ার সুরাবায়ার থেকে সিঙ্গাপুরে যাওয়ার পথে জাভা সাগরের উপর থেকে বিমানটি নিখোঁজ হয়।