বিধ্বস্ত এয়ার এশিয়ার টেইল উদ্ধার

আপডেট : ১০ জানুয়ারি ২০১৫, ১৫:৪০
 
দুই সপ্তাহ আগে বিধ্বস্ত হওয়া এয়ার এশিয়ার টেইল উদ্ধার করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। শনিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাগরের তলদেশ থেকে বিমানটির টেইল উদ্ধার করতে ডুবুরিরা একটি বায়ুভর্তি ডিভাইস ব্যবহার করেছেন। 
উদ্ধারকারীরা বিমানটির ব্ল্যাকবক্সও খুঁজছেন। কর্মকর্তারা মনে করছেন, এটি টেইল থেকে আলাদা হয়ে গেছে। 
গত ২৮ ডিসেম্বর ১৬২ আরোহী নিয়ে এয়ার এশিয়ার কিউজেড৮৫০১ ফ্লাইটটি জাভা সাগরে বিধ্বস্ত হয়। বিমানটি ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরে যাচ্ছিল।
এখন পর্যন্ত ৪৮টি লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকারীরা মনে করছেন বেশিরভাগ মৃতদেহ বিমানের কাঠামোর মধ্যে রয়েছে, যেটি এখনো খুঁজে পাওয়া যায়নি। 
শুক্রবার জাভা সাগরের যে অংশে বিমানের টেইল খুঁজে পাওয়া গেছে তার কাছেই শব্দ শনাক্ত করা হয়েছে। শব্দটি বিমানের ব্ল্যাকবক্স থেকে আসছে বলে মনে করছেন কর্মকর্তারা।