এক সমীক্ষায় দেখা যাচ্ছে বিশ্বে এক শতাংশ মানুষের সম্পদের পরিমাণ যে গতিতে বাড়ছে তাতে করে আগামী বছর বাকি ৯৯ শতাংশ মানুষের সম্পদকে ছাড়িয়ে যাবে।
আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান অক্সফাম পরিচালিত এক সমীক্ষায় ধনী-দরিদ্রের বৈষম্যের এই চিত্রটি উঠে এসেছে।
আগামী ২১-২৪ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বৈঠকে সমীক্ষাটির ফলাফল উপস্থাপন করা হবে।
অক্সফাম বলছে, ২০০৯ সালে ধনীরা বিশ্বের মোট সম্পদের ৪৪ শতাংশের মালিক ছিল। গত বছর তা বেড়ে দাঁড়ায় ৪৮ শতাংশে।
আগামী বছর বিশ্বের মোট সম্পদের ৫০ শতাংশের মালিকানা চলে যাবে ধনীদের হাতে।
এই গবেষণায় দেখা যাচ্ছে, সবচেয়ে ধনী এক শতাংশ ব্যক্তিদের মধ্যে প্রত্যেকজন পূর্ণ বয়স্ক মানুষের সম্পদের পরিমান গড়ে দুই কোটি ৭০ লক্ষ মার্কিন ডলার।
সম্পদের এই গুরুতর বৈষম্যের ফলে দারিদ্রের বিরুদ্ধে লড়াই ব্যহত হচ্ছে বলে এই সমীক্ষায় মন্তব্য করা হয়েছে।
অক্সফাম বলছে, এই পরিস্থিতি বদলে দেয়ার জন্য এই মুহূর্তে ধনীদের আয়ের ওপর কর বাড়াতে হবে এবং নূন্যতম মজুরি বাড়াতে হবে। সূত্র: বিবিসি
