সারাদেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত ১৭ লাখ ৩ হাজার দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হবে। বিজ্ঞান বিভাগ ও অন্যান্য বিভাগ এই দুই ক্যাটাগরিতে এই উপবৃত্তি দেয়া হবে। বিজ্ঞান বিভাগে উপবৃত্তি প্রাপ্ত একজন শিক্ষার্থী মাসিক বৃত্তি হিসেবে ১৭৫ টাকা ও টিউশন ফি বাবদ ৫০ টাকা পাবে। সেই সাথে বই ক্রয় ও পরীক্ষা ফি বাবদ এককালীন ১ হাজার ৬০০ টাকা পাবে। অপরদিকে অন্যান্য বিভাগ থেকে উপবৃত্তি প্রাপ্ত একজন শিক্ষার্থী মাসে ১২৫ টাকা বৃত্তি ও ৫০ টাকা টিউশন ফি পাবে। এছাড়াও এককালীন বই ক্রয় ও পরীক্ষা ফি বাবদ একত্রে ১ হাজার ২০০ টাকা পাবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত মোট নারী শিক্ষার্থীদের মধ্য থেকে ৪০ ভাগ এবং পুরুষ শিক্ষার্থীদের থেকে ১০ ভাগকে এ উপবৃত্তির আওতায় নিয়ে আসা হবে।
গতকাল সরকারি বিদ্যালয়বিহীন ৩১৫টি উপজেলা সদরে অবস্থিত নির্বাচিত বেসরকারি বিদ্যালয়সমূহকে মডেল বিদ্যালয়ে রূপান্তর প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন দেয়া হয়। ২০০৯ সাল থেকে প্রকল্পটির কাজ চলমান আছে। গতকাল সভায় প্রকল্পটির সমাপ্তিকাল ডিসেম্বর ২০১৪ থেকে বাড়িয়ে জুন ২০১৬ পর্যন্ত নির্ধারণ করা হয়। সেই সাথে প্রকল্পটির ব্যয় ৯২ কোটি টাকা বাড়িয়ে ৫৫৮ কোটি টাকার অনুমোদন দেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল কমপাউন্ডের নির্মাণাধীন ৭ মার্চ ভবনকে ১১ তলা পর্যন্ত সম্প্রসারণ করতে সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৪৪ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে— পাকুয়া-দেলদুয়ার-এলাসিন সড়কের ১২তম কিলোমিটারে এলেনজানী নদীর ওপর ৯৩ দশমিক শূন্য ২ মিটার নাল্লাপাড়া পিসি গার্ডার সেতু নির্মাণ এবং বালিয়া-ওয়ার্শি-মির্জাপুর সড়কে ২টি পিসি গার্ডার সেতু নির্মাণ, রংপুরে গ্রামীণ উন্নয়ন একাডেমি এবং নীলফামারী ও নেত্রকোনা জেলা স্টেডিয়ামের উন্নয়ন এবং রংপুর মহিলা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়া হয়।
