চলতি বছরে ৯ হাজার ৩৭৩ কোটি টাকা ব্যয়ে আবুধাবি ও সৌদি আরব থেকে ১৩ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে সরকার।
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, চলতি পঞ্জিকা বছরের জন্য আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি থেকে ৬ লাখ মেট্রিক টন ও সৌদি এরাবিয়ান অয়েল কোম্পানি থেকে ৭ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (মারবান ও এরাবিয়ার লাইট ক্রুড) আমদানি করবে সরকার।
তিনি আরো জানান, বৈঠকে মোট ১২টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
অন্য প্রস্তাবের মধ্যে গোপালগঞ্জে নির্মিতব্য সরকারি মালিকানাধীন এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের তৃতীয় শাখা কারখানার সিভিল কনস্ট্রাকশন ও প্ল্যাম্পিং কাজের ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ডের জন্য সমুদ্রগামী জলযান ও অবকাঠামো নির্মাণ (সংশোধিত) প্রকল্পের আওতায় ২টি ফাস্ট পেট্রোল বোট ও ২টি ইনসোর পেট্রোল ভেসেল ক্রয়ের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
তিনি আরো জানান, পল্লী এলাকায় ১৮ লাখ গ্রাহকের মধ্যে বিদ্যুত্ সংযোগ সম্প্রসারণ প্রকল্পে আওতায় ৪টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠকে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ইস্পাত কাঠামোর মাল্টি-টিনান্ট ভবনের ৫ম তলা থেকে ১৫ তলা পর্যন্ত নির্মাণ কাজের (প্যাকেজ নং-জেএসটিপি-ডব্লিউডি ৫) দরপত্র, জয়দেবপুর ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় নয়নপুর (মাওনা) থেকে রায়মনি (ত্রিশাল) পর্যন্ত ২৯ দশমিক ৬০ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজে ভেরিয়েশন প্রস্তাব, ৫০ হাজার মেট্রিক টন গম আমদানি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া বাগেরহাট জেলার রামপালে বিউবো’র অধিগ্রহণকৃত ৯১৮ দশমিক ৫০ একর জমিতে বাংলাদেশ ডিজেল প্ল্যান্টের (বিডিপি) বাধ নির্মাণসহ ভূমি উন্নয়ন কাজ সম্পাদনে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের নীতিগত অনুমোদন দেয়া হয়।
