লক্ষ্মীপুরে মাইন উদ্দিন বাবলু (৩০) নামে এক ইউনিয়ন যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর রাতে সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত মাইন উদ্দিন বাবলু বাংগাখাঁ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও একই ইউনিয়নের রাধাপুর গ্রামের আজগর আলীর ছেলে।
পুলিশ ও নিহত বাবলুর পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে মাইন উদ্দিন বাবলুকে নিজ বাড়ি থেকে মোবাইল ফোনে কে বা কারা ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। সকালে নেয়ামতপুর এলাকার দোলাকান্দির একটি খালে বাবলুর গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে।
বাংগাখাঁ ইউনিয়ন বিএনপি নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন কাজল জানান, মাইন উদ্দিন বাবলু বাংগাখাঁ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। যুবদলের রাজনীতি করার কারণেই তাকে পরিকল্পিত ভাবে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানান তারা।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার সার্কেল মো. নাসিম মিয়া জানান, রাতে সন্ত্রাসীরা বাবলুকে গুলি করে হত্যা করে লাশ খালে ফেলে দেয়। তবে কারা তাকে গুলি করে হত্যা করেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের শরীরে পাঁচটি গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
