ফেনীর সোনাগাজীতে যুবলীগ নেতার গুলিতে বিবি হাজেরা খাতুন (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূ যুবলীগ নেতার বিরুদ্ধে করা নারী নির্যাতন মামলার স্বাক্ষী ছিলেন বলে পুলিশ জানায়।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আউরারখিল গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় নিহতের মা বিবি আয়েশা বাদী হয়ে যুবলীগ নেতা জসিম উদ্দিন ওরফে ছোট জসিমসহ ৭ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় একটি মামলা করেছেন।
খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে গ্রামের একাধিক প্রত্যক্ষদর্শী জানান, যুবলীগ নেতা জসিম উদ্দিন তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার জন্য শুক্রবার রাতে নিহত বিবি হাজেরার মা বিবি আয়েশাকে অস্ত্র ঠেকিয়ে ঘর থেকে তুলে নিয়ে নির্যাতন করে।
শনিবার সকালে আরো কয়েকজন সহযোগীসহ হাজেরাকে ওই মামলায় স্বাক্ষ্য না দেয়ার জন্য অস্ত্র উঁচিয়ে শাসাতে থাকে। তর্ক বিতর্কের এক পর্যায়ে জসিম হাজেরাকে গুলি করে। হাজেরা মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলে মারা যান। নিহত হাজেরা একই গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী। অভিযুক্ত যুবলীগ নেতা জসিম উদ্দিন ওরফে ছোট জসিম (৩২) উপজেলার ২ নম্বর বগাদানা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নারী নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ প্রদান করেন।
সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নবীর হোসেন জানান, জসিম উদ্দিন পারিবারিক ও নারী নির্যাতন মামলার আসামি। ওই মামলায় বিবি হাজেরা একজন স্বাক্ষী ছিলেন। ঘটনার পর থেকে জসিম উদ্দিন পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
