ভিয়েতনামে শিল্পাঞ্চলে দুর্ঘটনায় নিহত ১৪

আপডেট : ২৬ মার্চ ২০১৫, ১৪:২৪
 
ভিয়েতনামের হা থিন প্রদেশের একটি শিল্পাঞ্চলে একটি ভবনের নির্মাণ কাজ করার সময় দুর্ঘটনায় ১৪ জন নির্মাণ কর্মী নিহত হয়েছেন। বুধবার রাতে ভুং অং অর্থনৈতিক অঞ্চলে ঘটা এই দুর্ঘটনার আরো ৩০ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসির এই তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় ভিয়েতনাম টেলিভিশন (ভিটিভি) জানিয়েছে, শ্রমিকরা একটি উঁচু মাচানে কাজ করছিলেন। এটি ধসে পরলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা সবাই ভিয়েতনামি নাগরিক বলে জানিয়েছে ভিটিভি।
আহত ড্যন নিহ ড্যান এএফপিকে জানিয়েছেন, মাচানে কাজ শুরু করার ঘণ্টাখানেক পরই সেটি কাঁপতে থাকে। এতে বেশিরভাগ শ্রমিক আতঙ্কিত হয়ে সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করে। ১০ মিনিট পরেই ৬৫ ফুট উঁচু মাচানটি ধসে পড়ে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত দুইজন শ্রমিকের লাশ ধসে পড়া কংক্রিট ও ইস্পাতের স্তুপের নিচে চাপা পড়ে আছে। নিহতদের লাশ উদ্ধার ও আহতদের সহায়তা করতে উদ্ধারকারীরা জরুরী ভিত্তিতে কাজ শুরু করেছেন।

হাসপাতালে ভর্তি আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে ভিটিভি’র খবরে জানানো হয়েছে।