ভারতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৪

আপডেট : ২৬ এপ্রিল ২০১৫, ১৭:৫২

ভারতে গতকাল শনিবার ভূমিকম্পে অন্তত ৫৪ জন নিহত হয়। বিহার, পশ্চিমবঙ্গ, দিল্লি, লক্ষেৗ, উত্তর প্রদেশসহ উত্তর ও পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে গতকাল সকালে তীব্র ভূকম্পন হয়। এর মধ্যে বিহারে ৪৫ জন, উত্তরপ্রদেশে ছয় জন ও পশ্চিমবঙ্গে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া তিব্বতে ৫ জন নিহত হয়েছেন। এভারেস্টে তুষার ধসে ৮ পর্বতারোহী মারা গেছেন। খবর টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি’র।

 
গতকাল নেপালের রাজধানী কাঠমান্ডুতে স্থানীয় সময় ১১টা ৪১ মিনিটে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে নেপাল সংলগ্ন ভারতের বিহারে ভবন ও দেয়াল ধসে ২৫ জন নিহত হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নিহতদের জন্য রাজ্য সরকার চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে। বেশি লোক মারা গেছে বিহারের পশ্চিম চামপরনে। এছাড়া দরভাঙায় তিন ও ছাপরাতে একজন নিহত হয়েছেন। রাজ্যের অনেক জায়গায় বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে সার্বক্ষণিক দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।
 
অন্যদিকে উত্তর প্রদেশে ছয় জনের প্রাণহানি ঘটেছে। বারাবানকি শহরে ভূমিকম্পে একটি বাড়িধসে এক নারী ও তাঁর মেয়েশিশু নিহত হয়েছে। পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়িতে তিনজনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়া একটি স্কুলে ৪৩ শিক্ষার্থী আহত হয়েছে। ভূমিকম্পের কারণে নেপালে ভারতের মহারাষ্ট্র ও তেলেঙ্গানার প্রায় ১২৫ জন আটকা পড়েছেন।
 
অন্যদিকে, ভূমিকম্পে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে ব্যাপক তুষারধসের ঘটনা ঘটেছে। এতে ৮ পর্বতারোহী নিহত হয়েছেন। এ সংখ্যা আরো বাড়তে পারে। নেপালের পর্যটন মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে। বরফ ধসে এভারেস্টের বেজ ক্যাম্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।