নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ ৭

আপডেট : ২৬ এপ্রিল ২০১৫, ১৭:৫৯
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পূর্ব ইসদাইরে ‘জব্বার ফ্যাশন’ নামে একটি গার্মেন্ট কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে যাদের মধ্যে ৭জন গুলিবিদ্ধ হয়। রবিবার সকাল ১১টায় এ ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
জানা গেছে, এসবি গার্মেন্টের শাখা প্রতিষ্ঠান জব্বার ফ্যাশনে ৫ বছর ধরে প্রায় ৪০০ শ্রমিক চাকরি করে আসছিলেন। ১৬ এপ্রিল হঠাৎ একমাসের বেতন না দিয়ে কারখানার মূল ফটকে তালাবদ্ধ করে মালিক আত্মগোপন করেন। এরপর থেকেই শ্রমিকরা আন্দোলন করে আসছিলেন। 
 
আজ সকালে শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার জন্য বিক্ষোভ করতে থাকেন। কিন্তু মালিক পক্ষ খুলে না দেওয়ায় ভাঙচুরের চেষ্টা করলে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ওই সময়ে শিল্প পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে শ্রমিকেরা। পরে পুলিশ লাঠিচার্জ করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের এক পর্যায়ে রাবার বুলেট ছুড়ে। এতে ১৫জন শ্রমিক আহত হয়।
 
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মোহাম্মদ সোহাগ জানান, তাদের হাসপাতালে সাত নারী শ্রমিককে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়েছিল। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 
 
গুলিবিদ্ধরা হলেন- মরিয়ম (২০), রুজিনা (২২), রেহানা (২৫), পারভিন (২০), শিউলী (২৪), রেখা (২০) ও মুন্নি (২২)। এছাড়া লাঠিচার্জে আরও আহতদের মধ্যে অনেকের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি। 
 
শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম জহির জানান, সকালে কারখানা খুলে দেওয়ার জন্য শ্রমিকরা বিক্ষোভ করতে থাকে। ওই সময়ে শ্রমিকেরা পুলিশ দেখেই উত্তেজিত হয়ে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড গুলি ছুড়ে।পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।