লণ্ডনে বিক্ষোভ, চার পুলিশ কর্মকর্তা আহত

আপডেট : ১০ মে ২০১৫, ২৩:৪৫

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কনজারভেটিভ পার্টির বিজয় লাভের একদিন পর সেন্ট্রাল লন্ডনের হোয়াইটহলের কাছে কয়েক হাজার মানুষ প্রধানমন্ত্রী ক্যামেরনের বিরুদ্ধে শনিবার বিক্ষোভ প্রদর্শন করেছে।

 
বিক্ষোভকারিরা বোতল, বিভিন্ন ধরণের ক্যান (পাত্র) ও স্মোক বোমা নিক্ষেপ করে পূনর্বার ক্যামেরন নির্বাচিত হওয়ার বিরুদ্ধে ম্লোগান দেয়। এ সময়তারা কটুবাক্য সম্বলিত পোস্টার, ফেস্টুন-প্ল্যাকার্ড প্রদর্শণ করে ও নানারকম অশ্রাব্য শব্দ ব্যবহার করে শ্লোগান দেয়।
 
এক পর্যায়ে দাঙ্গা পুলিশ এসে বিক্ষোভকারিদের নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে বিক্ষোভকারীরা আরও মারমুখি হয়ে উঠে ও ১০ নাম্বার ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবন-কার্যালয়ের দরজার সামনে এগিয়ে যায়। এ সময় পুলিশ তাদের বাধা দিলে বিক্ষোভকারিরা আরো উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এঘটনায় পুলিশের চার কর্মকর্তাসহ বেশকিছু পুলিশ সদস্য আহত হয়।
 
পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে ১৭ জনকে আটক করার পর তাদেরকে জামিনে ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় কোন বিক্ষোভকারি আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, শুক্রবার ক্যামেরন দ্বিতীয় মেয়াদে পাঁচ বছরের জন্য সরকার গঠন করেন এবং একশত দিনের প্যাকেজ ঘোষণায় চ্যান্সেলর (অর্থমন্ত্রী) জর্জ ওসবর্ন  একশত দিনের প্যাকেজে বিভিন্ন খাতে ১২ বিলিয়ন পাউন্ড হ্রাস করার মাধ্যমে নতুন সরকারের খরচ কমানোর ঘোষণা দেন। এতে প্রায় এক মিলিয়ন লোকের বেডরুম ট্যাক্স দিতে হবে। এ ঘোষণায় ক্ষুব্ধ হয়ে কয়েক হাজার মানুষ এ বিক্ষোভ প্রদর্শনে রাস্তায় নামে।
লন্ডন ছাড়াও বিভিন্ন এলাকায় বিক্ষোভ খবর পাওয়া গেছে।