'শীঘ্রই আইএসকে হটিয়ে রামাদির দখল নেয়া হবে'

আপডেট : ২৫ মে ২০১৫, ১৯:৫০
খুব শীঘ্রই জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) হটিয়ে রামাদি শহর পুনর্দখল করা হবে বলে এক সাক্ষাতকারে দাবি করেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। তবে তা বাস্তবায়নে আন্তর্জাতিক জোটের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।
 
আইএসের বিরুদ্ধে ইরাকি বাহিনীর যুদ্ধ করার ইচ্ছেতে ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার। রবিবার তার এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করেন ইরাকের প্রধানমন্ত্রী।
 
প্রধানমন্ত্রী আবাদি বলেছেন, 'রামাদিকে হারিয়ে আমার হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু আমি নিশ্চয়তা দিতে পারি শীঘ্রই আমরা শহরটি নিয়ন্ত্রণে নিতে পারবো।'  তিনি আরো বলেন, আমরা সিরিয়া-ইরাক সীমান্ত নিয়ন্ত্রণে রাখতে পারছি না। সীমান্তে নিয়ন্ত্রণ শক্ত করতে আন্তর্জাতিক সাহায্যকারী জোটগুলোর প্রতি এসময় আহ্বান জানান প্রধানমন্ত্রী।
 
ইরাক সরকার বর্তমানে আনবার প্রদেশে আইএসের অগ্রযাত্রা ঠেকাতে ও রামাদি পুনরায় নিজেদের দখলে আনতে শিয়া আধা সামরিক বাহিনী (মিলিশিয়া) মোতায়েন করেছে। শনিবার এই আধা সামরিক বাহিনীর সদস্যরা রামাদির পূর্বাঞ্চলীয় হুসাইবা আল-শারকিয়া শহরটি পুনরায় দখল করে।
 
রবিবারও আইএস জঙ্গিদের সঙ্গে ইরাকের শিয়া মিলিশিয়াদের প্রচণ্ড লড়াই হয়। ২০১১ সালের পর থেকে মার্কিন সেনারা ইরাক ছাড়তে শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা দয়ে আসছে। কিন্তু কয়েক বছরে ইরাকি বাহিনী আইএসের কাছে বেশ কয়েক দফা লড়াইয়ে হেরে যায়। অনেকে পর্যবেক্ষকের মতে, আইএস এখন সিরিয়ার অর্ধেক ও ইরাকের এক তৃতীয়াংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। সূত্র: বিবিসি ও সিএনএন