মার্স: দক্ষিণ কোরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৯

আপডেট : ১০ জুন ২০১৫, ১২:৫৪
 
দক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাসে বুধবার আরো দুই ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে মার্স ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে নয়জন হয়েছে।
 
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্স (মিডলইস্ট রেসপিরেটরি সিনড্রম) ভাইরাসে নতুন করে ১৩ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মার্স ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১০৮ জন।
 
সৌদি আরবের পর দক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাস সবচেয়ে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে।
 
মার্সে সর্বশেষ ৭৫ বছর বয়সী এক নারী ও ৬২ বছর বয়সী এক লোক প্রাণ হারিয়েছেন। তারা সিউলের দক্ষিণাঞ্চলে স্যামসাং মেডিকেল সেন্টারে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এই ভাইরাসের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংস্পর্শে আসা প্রায় দুই হাজার ৩০০ জনকে আলাদা করে বা বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
 
সারা বিশ্বে এক হাজার ১১০ জন মার্স ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪৩৭ জন। ২০টির বেশি দেশে মার্স ভাইরাস ছড়িয়েছে। সবচেয়ে বেশি প্রাদুর্ভাব ঘটেছে সৌদি আরবে। এই ভাইরাসের কোনো চিকিত্সা বা টিকা নেই। ভাইরাসটি প্রাণঘাতী বলে বিবেচিত। সূত্র: এএফপি।