আফগানিস্তানে তালেবানদের হামলায় অন্তত ২০ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার রাতে এই হামলা চালানো হয়।
হেলমান্দ প্রদেশের পুলিশ ও সামরিক যৌথ অভিযানের সমন্বয়কের প্রধান মোহম্মদ ইসমাইল হোটাক বলেছেন, দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে মুসা কালা জেলার একটি চেকপয়েন্টে এই হামলা চালানো হয়।
তিনি বলেছেন, হামলায় অন্তত ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তালেবানদেরও অনেকে হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইসমাইল হোটাক বলেছেন, এখনো সেখানে সংঘর্ষ চলছে। অন্য জেলা থেকে অতিরিক্ত সৈন্য পাঠানো হয়েছে।
তালেবানরা এই হামলার দায় স্বীকার করেছে। গত এপ্রিল থেকে তারা ঝুঁকিপূর্ণ পুলিশ চেকপয়েন্টগুলোতে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
গত মাসে হেলমান্ডের নওজাদ জেলায় তালেবানদের হামলায় অন্তত ১৯ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সূত্র: দ্য গার্ডিয়ান।
