ভারতের মধ্যপ্রদেশে এক সাংবাদিককে অপহরণের পর পুড়িয়ে মারার সঙ্গে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর- বিবিসির।
শুক্রবার রাতে নিজ রাজ্য মধ্যপ্রদেশের বালাঘাট থেকে অপহৃত হয়েছিলেন ৪০ বছর বয়সী সাংবাদিক সন্দ্বিপ কোঠারি। পরদিন সন্ধ্যায় পার্শ্ববর্তী মহারাষ্ট্র রাজ্যের একটি রেললাইনের পাশে তার আগুনে দগ্ধ মৃতদেহ পাওয়া যায়।
নিজ এলাকার অবৈধ খনি নিয়ে লেখালেখি ও এ সংক্রান্ত একটি মামলা চালানোর কারণে তাকে এ পরিণতি বরণ করতে হয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় গণমাধ্যমগুলো।
সন্দ্বিপ খুনের সঙ্গে জড়িত গ্রেপ্তার তিন ব্যক্তি অবৈধ খনি পরিচালনার সঙ্গেও জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। তবে পুলিশ কর্মকর্তা জেএস মারকাম বলেছেন, 'মামলাটির তদন্তে প্রত্যেকটি দিক বিবেচনা করে দেখছি আমরা। এই অপহরণ ও হত্যার কারণ হিসেবে এখনই কিছু নির্দিষ্ট করা ঠিক হবে না।'
ভারতে সাংবাদিকরা প্রায়ই পুলিশ, রাজনীতিক ও আমলাদের মাধ্যমে হেনেস্থা ও ভয়ভীতির শিকার হন। চলতি মাসের প্রথম দিকে ফ্রিল্যান্স সাংবাদিক জগেন্দ্র সিংয়ের মৃত্যুর বিষয়ে পুলিশ দেশটির ক্ষমতাসীন দলের রাজনীতিক রাম মূর্তি সিং ভার্মার বিরুদ্ধে খুন ও ষড়যন্ত্রের মামলা করেছে।
ভার্মার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন জগেন্দ্র। দুর্নীতির ওই অভিযোগগুলো ফেসবুকেও তুলে দিয়েছিলেন তিনি। সূত্র: বিবিসি
