ইসলামিক স্টেট(আইএস) জঙ্গিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অভিযান শুরু করতে যাচ্ছে ইউরোপের পুলিশ। টুইটারে আইএসের অ্যাকাউন্টগুলো খুঁজে বের করে সেগুলো বন্ধ করবে ইউরোপের পুলিশের একটি দল।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক জরিপে দেখা গেছে, টুইটারে প্রায় ৪৬ হাজার অ্যাকাউন্ট রয়েছে আইএস-এর। একাউন্টগুলো নতুন সদস্য সংগ্রহের জন্য ব্যবহার করে তারা। ইউরোপিয়ান পুলিশ এজেন্সি ইউরোপোল এখন এই একাউন্টগুলো সনাক্ত করে বন্ধ করবে।
আইএসের পক্ষে প্রচারণাকারী নতুন একাউন্ট মাত্র দু’ঘণ্টার মধ্যে বন্ধ করে দিবে তারা। ধারণা করা হয় ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রায় ৫ হাজার মানুষ আইএসে যোগ দিয়েছে।
ইউরোপোলের পরিচালক রব ওয়েনরিট বলেন, ১ জুলাই থেকে কাজ শুরু করবে এই সাইবার টিম। তবে আইএস-এর সব অ্যাকাউন্ট খুঁজে বের করা খুব কঠিন কাজ। ওয়াশিংটন ভিত্তিক ব্রুকিং ইন্সটিটিউট জানিয়েছে আইএস-এর সাথে সম্পৃক্ত টুইটার অ্যাকাউন্টের সংখ্যা ৯০ হাজার পর্যন্ত হতে পারে। সূত্র: বিবিসি
