আগামী রবিবার গ্রিসের ঋণ সংকট নিয়ে অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে পদত্যাগ করবেন দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাস।
তিনি বলেন, কৃচ্ছ্রতার বিরুদ্ধে ভোট এই সংকটের সুষ্ঠু সমাধানে সহায়তা করবে। আর ব্যয় হ্রাসের পক্ষে জনগণ মত দিলে আর প্রধানমন্ত্রীর পদে থাকবেন না বলে হুঁশিয়ার করেন তিনি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)’র পাওনা টাকার কিস্তি পরিশোধের সময়সীমা শেষ হচ্ছে আজ মঙ্গলবার। গ্রিসকে আজকের মধ্যে আইএমএফ’র এক দশমিক ৬ বিলিয়ন ইউরোর ঋণ পরিশোধ করার কথা রয়েছে, নাহলে দেশটিকে একক মুদ্রা ও ইইউ থেকে বেরিয়ে যাওয়ার ঝুঁকির মুখে পড়তে হবে।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের নেতারা হুঁশিয়ারি দেন যে গ্রিসের জনগণ যদি ‘না’ ভোট দিয়ে ঋণদাতাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে বুঝতে হবে গ্রিস ইউরো থেকে বেরিয়ে যেতে চায়। তবে সিপরাস বলেছেন, তিনি এমনটা চান না।
গত সপ্তাহে গ্রিস ও ঋণদাতাদের আলোচনা ভেস্তে যায়। এ প্রেক্ষাপটে গ্রিস সারা সপ্তাহ জুড়ে দেশটির ব্যাংকগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
গ্রিসের জনগণ ঋণদাতাদের শর্ত মেনে কৃচ্ছ্রতার পক্ষ নেবে নাকি প্রত্যাখ্যান করবে তা নিয়ে ইউরোপজুড়ে তুলকালাম চলছে। সূত্র: এএফপি
