পাকিস্তান সফরে যাবেন নরেন্দ্র মোদি

আপডেট : ১০ জুলাই ২০১৫, ১৫:২৯
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আহ্বানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সে দেশ সফরে যাবেন বলে সম্মতি জানিয়েছেন। 
 
২০১৬ সালে পাকিস্তানে সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে যোগ দিতে মোদিকে আমন্ত্রণ জানান নওয়াজ।
 
দ্য ডনের এক খবরে শুক্রবার মোদি ও নওয়াজের বিবৃতি প্রকাশ করা হয়।
 
সাংহাই কো-অপারেশন কাউন্সিলের শীর্ষ সম্মেলন উপলক্ষে দক্ষিণ এশিয়ার পরাশক্তিধর দুই দেশের নেতা এখন রাশিয়ার উফায় অবস্থান করছেন। 
 
সম্মেলনের ফাঁকে মোদি ও নওয়াজ শুক্রবার দ্বিপক্ষীয় ইস্যুতে পার্শ্ববৈঠক করেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন। 
 
বৈঠকে ভারতে হামলায় জড়িত লাখভিকে কারাগার থেকে মুক্তি দেয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মোদি।
 
শুক্রবার উফার কংগ্রেস হলে প্রায় ১ ঘণ্টা বৈঠক করেন মোদি ও নওয়াজ। বৈঠকের পর যৌথ বিবৃতিতে ভারতের পররাষ্ট্র সচিব জয়শংকর বলেন, সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।